
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার গাছপালার আংশিক ক্ষতি হয়েছিল। সেখানে নতুন করে গাছ লাগানো হয়েছে এবং আগের চেয়ে আরও সুন্দর ও মনোরম পরিবেশ তৈরিতে সবুজায়ন করা হয়েছে।
সোমবার (০১ জুন) কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও সংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এআই ছবি দিয়ে উত্তরার মেট্রোরেল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।
সাংবাদিকদের মেট্রোরেলের সুন্দর ও মনোরম পরিবেশের সবুজায়ন সরেজমিনে দেখে এ নিয়ে জনগণের মাঝে সঠিক ও সত্য সংবাদ প্রচার করার আহ্বান জানান প্রশাসক।
প্রশাসক বলেন, ক্লিন ও গ্রিন ঢাকা বাস্তবায়নে আজ ঢাকা পলিটেকনিক খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিল্পাঞ্চলের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা পলিটেকনিক পশুর হাটের ইজারাদার ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।
প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইজারাকৃত পশুর হাটগুলো পরিদর্শন শেষে লক্ষ্য করা গেছে, অনেকগুলো হাটের পশুর বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ করা হয়েছে এবং বাকিগুলোর অপসারণকাজ চলমান রয়েছে।
প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইজারাদারগণ ঈদ-পরবর্তী বর্জ্য অপসারণ ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছে এবং আমি নিজে প্রতিটি হাট পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছি। তারপরও যদি কোনো ইজারাদার কাজে গাফিলতি করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এমই

