
যেকোনো বড় টুর্নামেন্ট মানেই একের পর এক ম্যাচ এবং ওয়ার্কলোড ও অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে চোটের শঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইনজুরির থাবায় তটস্থ প্রতিযোগী দলগুলো। জিম্বাবুয়ের তারকা ব্রেন্ডন টেইলর এবং আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং আইসিসির এই মেগা ইভেন্ট থেকে ছিটকে গেছেন। ফলে আসরের মাঝপথে দল দুটির স্কোয়াডেও পরিবর্তন আনা হয়েছে।
বিশ্বকাপে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচের সময় টেইলরের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কথা জানানো হয়। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার বেন কারান। এর আগে চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারায় রোডেশিয়ানরা। ৪০ বছর বয়সী টেইলর অবশ্য সেই ম্যাচে ধীরগতির এক ইনিংস (৩০ বলে ৩১ রান) খেলেছিলেন। এরপর স্টাম্পের পেছনে ৩টি ক্যাচ নেন তিনি।
টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের। সে কারণে ইংল্যান্ডের স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারানকে ডাকা হয়েছে। ইতোমধ্যে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। ওয়ানডে-টেস্ট দুই ফরম্যাটেই সেঞ্চুরি আছে বেন কারানের। ৪০টি টি-টোয়েন্টিতে ১২৬.০১ স্ট্রাইকরেটে ৮৭২ রান করেছেন।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিংয়ের। অবশিষ্ট দুই ম্যাচের জন্য তার পরিবর্তে ডাকা হয়েছে স্যাম টপিংকে। বাঁ-হাতি এই ব্যাটারের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ১২টি টি-টোয়েন্টিতে ১৩৪.০৫ স্ট্রাইকরেট এবং ৩৪ গড়ে ৩৭৪ রান করেছেন টপিং।
এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে আইরিশদের ম্যাচ শেষে স্টার্লিংয়ের বিষয়ে কোচ গ্যারি উইলসন বলেছিলেন, ‘তার হাঁটু দেখে আশানুরূপ কিছু মনে হচ্ছে না। বিকেলে তার স্ক্যানিং করানো হয়, চোট নিয়ে নিশ্চয়তা পেতে আমাদের অপেক্ষা করতে হবে। ব্যাট করতে যাওয়ার সময়ও সে নিজেকে ফিট মনে করছিল। মূলত পাওয়ার প্লেতে দলকে ভালো অবস্থানে নেওয়ার লক্ষ্য ছিল তার। দ্রুত সিঙ্গেল রান নিতে গিয়ে তার হাঁটু ধারণার চেয়েও বেশি আটকে যায়।’
আমার বার্তা/জেএইচ

