ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিজস্ব নাম হারিয়ে কেবল ‘বিবি’ হয়ে বেঁচে আছেন আফগান নারীরা

ফারহানা মীম
২৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৯
আপডেট  : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৭
ফারহানা মীম- ছবি: আমার বার্তা

নিজস্ব নাম হারিয়ে কেবল ‘বিবি’ হয়ে বেঁচে আছেন আফগান নারীরা প্রতিটি মানুষের নিজস্ব একটি নাম থাকে, যে নামের সঙ্গে জড়িয়ে থাকে তার পরিচয়, অস্তিত্ব ও আত্মমর্যাদা। জন্মের পর পরিবার যে নামটি ভালোবেসে রাখে, মানুষ সারাজীবন সেই নামেই পরিচিত হতে চায়।

অথচ আফগানিস্তানের নারীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে সেই মৌলিক পরিচয়টুকুও। নিজের নামের পরিবর্তে একটি সাধারণ উপাধিতে পরিচিত হওয়ার এমন বাস্তবতা শুধু বিস্ময়কর নয়, বরং মানবিক মর্যাদা ও নারী অধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সম্প্রতি প্রবাসী আফগান নারী সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এই হৃদয়বিদারক চিত্র। প্রতিবেদন অনুযায়ী, উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথিপত্র ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রে নারীদের নিজস্ব নামের পরিবর্তে ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দটি সাধারণত নারীদের সম্বোধনে ব্যবহৃত একটি উপাধি। ফলে একজন নারী অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে তাঁর ব্যবস্থাপত্রেও নিজের নামের পরিবর্তে এই সাধারণ পরিচয়টি ব্যবহৃত হতে পারে। আফগান নারী অধিকারকর্মী লালা ওসমানি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একই নামে অসংখ্য ব্যবস্থাপত্র তৈরি হলে চিকিৎসাসেবায় ভুল ও বিভ্রান্তির ঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি শুধু প্রশাসনিক পরিচয় মুছে ফেলার ঘটনা নয়; এটি একজন নারীর স্বতন্ত্র অস্তিত্বকে অস্বীকার করারও শামিল।

গত কয়েক বছরে আফগান নারীদের দৈনন্দিন জীবন ক্রমেই চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি ক্ষেত্রেই তাঁদের ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের ২০২৬ সালের আগস্টের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনার সুযোগ না থাকায় ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। একই সংস্থার বিশ্লেষণ বলছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে দেশটি ২০ হাজার নারী শিক্ষক ও ৫ হাজার ৪০০ নারী স্বাস্থ্যকর্মী হারাতে পারে। অর্থাৎ আজ যেসব মেয়ের হাতে বই থাকার কথা, তাদেরই একটি বড় অংশ ভবিষ্যতে শিক্ষক কিংবা চিকিৎসাকর্মী হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের ২০২৬ সালের আগস্টের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে মাত্র ৭ শতাংশ নারী কর্মসংস্থানে যুক্ত, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৮৪ শতাংশ। সংস্থাটির হিসাব বলছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ফলে দেশটির অর্থনীতিতে সম্ভাব্য ক্রমপুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৯২০ মিলিয়ন মার্কিন ডলার। এই পরিসংখ্যান স্পষ্ট করে যে, নারীদের অধিকার সংকুচিত করার প্রভাব শুধু তাঁদের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকছে না; ক্ষতিগ্রস্ত হচ্ছে একটি দেশের অর্থনীতি ও সামগ্রিক অগ্রগতিও।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া চলাচলের ওপর বিধিনিষেধের কারণে অনেক নারী প্রয়োজনীয় চিকিৎসা নিতে সমস্যায় পড়ছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদকের ২০২৬ সালের প্রতিবেদনে উঠে এসেছে, মাহরাম না থাকায় অনেক নারী জরুরি চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হয়েছেন। পাশাপাশি নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অথচ একজন নারীর চিকিৎসা গ্রহণের অধিকার কোনো সামাজিক অনুমতির বিষয় হতে পারে না; এটি তাঁর মৌলিক মানবাধিকার।

আফগান নারীদের এই সংকট কেবল শিক্ষা, চিকিৎসা কিংবা কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তাঁদের ব্যক্তিস্বাধীনতা, আত্মমর্যাদা ও সামাজিক অস্তিত্বের ওপরও আঘাত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ২০২৬ সালের প্রতিবেদনেও নারীদের চলাচল, মতপ্রকাশ ও জনপরিসরে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধের বিষয়টি উঠে এসেছে। একজন নারী কোথায় যাবেন, কীভাবে চলবেন, কোথায় কাজ করবেন, এমনকি নিজের কণ্ঠস্বর কীভাবে প্রকাশ করবেন, এসব ক্ষেত্রেও যখন অন্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তখন তাঁর স্বাধীন অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে।

তবে এত প্রতিকূলতার মধ্যেও আফগান নারীদের স্বপ্ন থেমে নেই। নানা বিধিনিষেধের মধ্যেও কেউ গোপনে ছোট ছোট পাঠশালা পরিচালনা করছেন, কেউ অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, আবার কেউ ঘরে বসেই নিজেদের দক্ষতা ও জীবিকা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তাঁদের এই নীরব প্রতিরোধ প্রমাণ করে, সুযোগ কেড়ে নেওয়া যায়, কিন্তু স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে সহজে নিঃশেষ করা যায় না।

একজন মানুষের নাম তাঁর পরিচয়ের প্রথম স্বীকৃতি। সেই নামের মধ্যেই থাকে পরিবারের ভালোবাসা, ব্যক্তিগত ইতিহাস ও স্বতন্ত্র অস্তিত্বের পরিচয়। যে সমাজে একজন নারীকে নিজের নামের পরিবর্তে একটি সাধারণ উপাধিতে পরিচিত হতে হয়, সেখানে তাঁর আত্মমর্যাদা কতটা সংকুচিত হয়ে পড়েছে, তা সহজেই অনুমেয়। প্রশ্ন হলো, একটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পরিচয়, শিক্ষা, স্বাধীনতা ও মর্যাদা থেকে বঞ্চিত করে সেই দেশ কখনো প্রকৃত উন্নতির পথে এগোতে পারে কি?

আফগান নারীরা কারও পরিচয়ের আড়ালে নয়, নিজেদের নামেই বাঁচার অধিকার ফিরে পাক। তাঁরা আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরুক, কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক এবং সমাজে স্বাধীনভাবে নিজেদের অস্তিত্ব প্রকাশ করুক। কারণ একজন নারী শুধু কারও স্ত্রী, কন্যা কিংবা মা নন; তিনি স্বতন্ত্র পরিচয়ের অধিকারী একজন পূর্ণ মানুষ। তাঁর নাম আছে, স্বপ্ন আছে, অধিকার আছে। সেই নাম মুছে দিয়ে তাঁকে ‘বিবি’ বানিয়ে রাখা যায়, কিন্তু তাঁর অস্তিত্ব ও মর্যাদার দাবিকে মুছে ফেলা যায় না।

লেখক: ফারহানা মীম, শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

কার্তিক বিদায় নিয়েছে, অগ্রহায়ণ এখনও সকালবেলার রোদ্দুরের সঙ্গে দেখা করতে পারেনি। এদিকে আমার লেখার কাজ

প্রতিবেশীর মুখে বাংলাদেশ দখলের হুমকি: কূটনীতি কি রাজনৈতিক উন্মাদনার মঞ্চ?

একটি দেশের রাজ্যমন্ত্রীর মুখ থেকে আরেকটি স্বাধীন ও সার্বভৌম দেশ দখল করে নেওয়ার হুমকি বের

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

হেমন্তের মিষ্টি সকাল, চায়ের কাপটিও যথারীতি উষ্ণ। কিন্তু খবরের কাগজের পাতা ওল্টাতে গিয়ে মনে হলো,

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। আব্রাহাম লিংকনের মতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে এক বোটে ৩১৭ জন মালয়েশিয়া পাচার,মানব পাচারকারী আটক -৭

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব নাম হারিয়ে কেবল ‘বিবি’ হয়ে বেঁচে আছেন আফগান নারীরা

বরিশালের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১৪১৬ জন

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার

‘ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র’

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টায় কঠোরভাবে মোকাবিলার নির্দেশ

জাতীয় এসএমই পণ্য মেলায় সেরা স্টলের পুরস্কার পেল আইটি বিটস

ছাত্র জমিয়তের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় হুইপের মেধাভিত্তিক শিক্ষার তাগিদ 

গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন ৩ ডিসেম্বর

রাজা ষষ্ঠ মোহাম্মদের সভাপতিত্বে প্রতিরক্ষা ও নিরাপত্তা শিল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাহজালালে বিমানে আগুন, দ্রুত নেমেছেন যাত্রীরা

হত্যা মামলায় সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে চায় ডিবি

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র অন্য জেলায়

শরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী