
স্পেনের সিনেটের প্রেসিডেন্ট পেড্র রোলান ওজেডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাদ্রিদে স্পেনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
সিনেট ভবন অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত মাসুদুর রহমান বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি স্পেনে একটি দ্বিপক্ষীয় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের আহ্বান জানান, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় বাণিজ্য ৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।
এ লক্ষ্যে প্রযুক্তি স্থানান্তর, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের উচ্চমূল্য সংযোজন, দক্ষতা উন্নয়ন, জনশক্তি বিনিময় এবং নিরাপদ অভিবাসনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। স্পেনের সিনেট প্রেসিডেন্ট বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন, দেশটির বড় বড় কোম্পানি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। তিনি বাংলাদেশের বেসরকারি খাতের নেতৃত্বে গত কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতিরও প্রশংসা করেন।
বৈঠকে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়েও আলোচনা হয়। সিনেট প্রেসিডেন্ট স্পেনে কর্মরত বাংলাদেশিদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তাদের “বাংলাদেশের রাষ্ট্রদূত” হিসেবে অভিহিত করেন।
রাষ্ট্রদূত মাসুদুর রহমান স্পেনের সিনেট প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সংসদীয় বিনিময় বাড়ানোর আহ্বান জানান।
তিনি স্পেনের সংসদ সদস্যদের বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পেনের নতুন নিয়মিতকরণ প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত বলেন, পর্যটন, আতিথেয়তা, কৃষি, আবাসন, নৌপরিবহন, সামুদ্রিক খাত ও গভীর সমুদ্রে মাছ ধরার মতো খাতে দক্ষ বাংলাদেশি কর্মীরা স্পেনের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বৈঠক শেষে দুই দেশের রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

