
ইয়েমেনের হথি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের সব বন্দর এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরে হামলার পর এই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন কতৃপক্ষ। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবকে এ ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছিল।
ইয়েমেন সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, সৌদি আরব হুদাইদা বন্দরে হামলা চালিয়ে বড় ধরনের বোকামি করেছে। এই হামলার ফলে জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের সব বন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ ও ন্যায়সংগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব স্থাপনা ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, সৌদি সরকার ইয়েমেনের জনগণের ওপর ১২ বছর ধরে অবরোধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েও ক্ষান্ত হয়নি। এবার তারা হুদাইদা বন্দরে হামলা চালিয়েছে, অথচ এই বন্দরটি ইয়েমেনের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক লাইফ লাইন। খাদ্য ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ইয়েমেনের জনগণ এই বন্দরের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণের একমাত্র গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহপথে হামলা চালানোর মধ্য দিয়ে সৌদি আরব নিজেই ইয়েমেনকে তাদের ওপর নির্ভরশীল বন্দরগুলোতে হামলা চালানোর বৈধতা দিয়েছে।
এ সময় ইয়েমেন সরকারের এই কর্মকর্তা জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের অন্যান্য বন্দরের শ্রমিক, কর্মকর্তা ও জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসব বন্দর অবিলম্বে খালি করে দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আল-বুখাইতি সৌদি আরবের শাকিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ও কর্মচারীদের অবিলম্বে স্থাপনাটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের ওই কেন্দ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র: আল জাজিরা

