
নতুন একটি মুচলেকায় (পিস বন্ড) সই করার পর শর্তসাপেক্ষ জামিনে মুক্ত হলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে।
শনিবার (১৭ অক্টোবর) দিল্লি পুলিশ তাকে মুক্তি দেয়।
ঘটনার সূত্রপাত শুক্রবার। দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজ বাসভবনের কাছ থেকে অভিজিৎ দীপকে আটক করেছিল পুলিশ। গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দরে আটক হয়ে তিনি এক বছরের জন্য শান্তি বজায় রাখার একটি অঙ্গীকারনামায় সই করেছিলেন। পুলিশ দাবি করে, শুক্রবারের আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করে তিনি সেই মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। এরপর শনিবার সকালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
পরবর্তী সময়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় বিশেষ প্রশাসনিক ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে তাকে হাজির করা হয়। সেখানে সিজিপির আইনি বিষয়াবলির প্রধান রত্না সিং এই গ্রেফতারির চরম বিরোধিতা করেন এবং এটিকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানানো কীভাবে অপরাধ হতে পারে? শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষ জামিন দিলে নতুন একটি মুচলেকায় সই করে মুক্তি পান অভিজিৎ।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ কর্মসূচির (এসআইআর) বিরুদ্ধে দিল্লির বিভিন্ন স্থানে বিরোধীদের বিক্ষোভ চলছিল। সেন্ট্রাল দিল্লি এলাকায় কঠোর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়। এই ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হলেও সিজিপির নেতাকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ বেশ কয়েকজন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে

