
গাজীপুর মহানগরীর পূবাইলের কুদাব থেকে মিরের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। দীর্ঘ প্রায় দুই বছর ধরে ড্রেন নির্মাণকাজ চললেও তা এখনো শেষ হয়নি। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর আগে সড়কটির পাশে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করে বারবার বন্ধ রেখেছে। কয়েকদিন কাজ চলার পর দীর্ঘ সময় বন্ধ থাকায় পুরো প্রকল্পটি ধীরগতিতে এগোচ্ছে। এলাকাবাসীর দাবি, সড়ক নির্মাণের পর ড্রেন নির্মাণ শুরু করায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি আজ বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
ড্রেন নির্মাণের জন্য সড়কের একপাশ খনন করায় বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী লিটন মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। অনেক সময় জুতা-স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হয়। কাদা ও পানির কারণে প্রায়ই মানুষ হোঁচট খেয়ে পড়ে আহত হচ্ছেন। দ্রুত এ দুর্ভোগ থেকে মুক্তি চান তারা।
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর সহকারী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, “সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে আমরা অবগত। বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তবে স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের আগে ড্রেন নির্মাণ করা হলে আজ কোটি টাকার এই সড়কের এমন করুণ পরিণতি হতো না। দ্রুত কাজ শেষ করে সড়কটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন তারা।
আমার বার্তা /জেএইচ

