
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৮ জুন) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে, রোববার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ, উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের পেছনের গোয়েন্দা তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে র্যাব।
আমার বার্তা /জেএইচ

