
বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা।
গতকাল সন্ধ্যায় বাংলামোটরের ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘জাতীয় উত্তরনী সংসদ’ এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন। লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর ও বিশিষ্ট সমাজসেবিকা হেলেন এ নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রফিকুজ্জামান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট জ. ই. বুলবুল, বিশিষ্ট কবি রেহানা সুলতানা এবং সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিমসহ বরেণ্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে দৈনিক বঙ্গ সংবাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ অলিউল্লাহ খান উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নজরুল ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি এবং মানবিক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—স্বাস্থ্য সাংবাদিকতায় জ. ই. বুলবুল, আবৃত্তিতে রাশেদ নিউটন, ওষুধ শিল্পে অপটিমাম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক জগবন্ধু সূত্রধর, অভিনয়ে নাজমুল খান, বৈদেশিক কর্মসংস্থানে মো. সামাদ চৌধুরী, নারী উদ্যোক্তা হিসেবে সাঈদা আক্তার, সমাজ সেবায় সাহাব উদ্দিন, রাজনীতিতে মাহবুব আলমগীর আলো এবং উদ্যোক্তা হিসেবে মো. দেলোয়ার হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠক গোলাম রব্বানী ও জ্যেষ্ঠ সাংবাদিক জ. ই. বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রীন টিভির সিনিয়র সাংবাদিক ও সহকারী ম্যানেজার রাশেদ নিউটন।
সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত এই আয়োজনের সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।
আমার বার্তা /জেএইচ

