
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’
তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।
বেগম সেলিমা রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১-২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেলিমা রহমানের পিতা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার। তাঁর ভাইবোনদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান, কবি আবু জাফর ওবায়দুল্লাহ, সাংবাদিক ও সরকারের মন্ত্রী এজেএম এনায়েতুল্লাহ খান, তৃতীয় হাসিনা মন্ত্রিসভার মন্ত্রী রাশেদ খান মেনন, ফটোগ্রাফার অ্যালেন খান এবং নিউ এইজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল।

