
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত নজরুল বর্ষ পালনের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ পালনের জন্য কমিটি গঠন করা হবে। নজরুল বর্ষের লোগো ও পোস্টার তৈরি এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। স্মারক ডাকটিকেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮-২০ জুন ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট থেকে দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নজরুল বর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুল বর্ষ পালন সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে যাতে গবেষণা করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সে উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উদ্বোধন শেষে নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘আজকে আমি এখানে যখন অনুষ্ঠান দেখছিলাম তখন একটি বিষয় আমি চিন্তা করলাম এবং তারপর আমি মন্ত্রীর সঙ্গে, সচিবের সঙ্গে, উপদেষ্টার সঙ্গে একটু আলাপ করলাম। আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণাই করতে চাই না, আমি ওনাদেরকে বলেছি যে আলাপ–আলোচনা করে আমরা নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে চাই। সেই জন্য আমি বলেছি যে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রতিটি জেলাতে যাতে আগামী এক বছর নজরুল ইভেন্ট বা এ রকম অনুষ্ঠান হয়। যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবিকে যাতে নতুন প্রজন্ম ভালো করে চিনতে পারে, জানতে পারে, কবির সম্পর্কে ধারণা করতে পারে।’

