
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন সেনা আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) ইরানি মিডিয়া প্রেস টিভিতে প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এসব হামলার ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
এছাড়াও গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ব শক্তিগুলো স্বাধীন জনগণের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং এর মাধ্যমে ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। তাদের দাবি, ইহুদিবাদী শক্তি এবং যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে যে দেশ অংশ নেবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে গোষ্ঠীটি। একই সঙ্গে ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী ও সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও উল্লেখ করা হয়।
আমার বার্তা/এমই

