
ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।
এ বাজেট উপলক্ষে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয়েছে।
বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে এ অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে শুধু একবার আবগারি শুল্ক কাটার বিধান করা হয়েছে।
এদিকে জুয়েলারি সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়েছে আগামী অর্থবছরের জন্য। অর্থাৎ সোনার অলংকার কিনতে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।
আমার বার্তা/এমই

