
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়ার পরপরই নগরীর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি শুরু হয়। মামলা দায়ের করতে করতে প্রায় রাত আড়াইটা বেজে যায়। মামলা দায়েরের পরপরই পুলিশের তিনটি ইউনিটকে জানানো হয়। এগুলো হচ্ছে, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ।
তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। রাতে এসপি জাহাংগীরকে গ্রেফতারের পর তাকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে দেওয়া হয়।
জাহাংগীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।

