ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

আশরাফুল ইসলাম ফয়সাল
১৫ নভেম্বর ২০২৬, ১৭:২০

একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে বড়ো পরিবর্তন এসেছে। একসময় কেনাকাটা বা অর্থ পরিশোধের প্রধান মাধ্যম ছিল নগদ অর্থ। এখন স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল লেনদেন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বাংলাদেশেও এই পরিবর্তন দ্রুত এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 'বাংলা কিউআর'।

তবে একটি দেশ তখনই প্রকৃত অর্থে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারে, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক জনগোষ্ঠীও ডিজিটাল লেনদেনের সুযোগ পায়। বাংলাদেশের অর্থনীতির বড়ো একটি অংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর নির্ভরশীল। এই বৃহৎ জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজন ছিল কম খরচের, দেশীয় ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত একটি প্ল্যাটফর্ম। বাংলা কিউআর সেই প্রয়োজন পূরণের লক্ষ্যেই চালু করা হয়েছে।

বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সর্বজনীন, জাতীয় ও আন্তঃলেনদেনযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। স্মার্টফোনের ক্যামেরা বা স্ক্যানার অপশন ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করলে তাতে সংরক্ষিত তথ্য ফোনে প্রদর্শিত হয়। উদাহরণস্বরূপ, একটি কিউআর কোডে কোনো ওয়েবসাইটের ঠিকানা থাকতে পারে। মোবাইল ফোনে সেই কোড স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটটি ফোনের ব্রাউজারে খুলে যায়।

এই প্রযুক্তির মূল সুবিধা হলো, একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকেরা লেনদেন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থার আগে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (যেমন—বিকাশ, নগদ, রকেট) আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করত। বাংলা কিউআর চালুর ফলে এখন একটি কোডের মাধ্যমেই যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে পেমেন্ট করা সম্ভব। ফলে একাধিক কিউআর স্ট্যান্ড বা ব্যয়বহুল পিওএস মেশিন স্থাপনের প্রয়োজন হয় না। গ্রাহকদেরও নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় না। নিজের পছন্দের ব্যাংক বা এমএফএস অ্যাপ ব্যবহার করেই সহজে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। এতে লেনদেন হয় দ্রুত, সহজ ও নিরাপদ। পাশাপাশি টাকা ভাঙানোর ঝামেলা এবং জাল নোটের ঝুঁকিও কমে।

একটি অভিন্ন কোডের মাধ্যমে লেনদেনের এই সুবিধা আরও বিস্তৃত করতে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে দেশের প্রায় সব ব্যাংক, এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী—সবার জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সহজ হচ্ছে। বাংলা কিউআরের ব্যবহার শুধু দোকানপাটেই সীমাবদ্ধ থাকবে না। বাস, ট্রেন ও লঞ্চের ভাড়া পরিশোধ, সেতু, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল দেওয়া, বিদ্যুৎ, ইন্টারনেট ও টেলিভিশন বিল পরিশোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি জমা দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। শহর থেকে গ্রাম—সব জায়গাকে একই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই লক্ষ্য বাস্তবায়নে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি নীতিগত উদ্যোগও নেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে এখন মুদি দোকান থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠানের নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্টের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) লেনদেনের সুবিধাও চালু হয়েছে। ফলে এই সেবার আওতায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সেবাটি চালু হলেও এটি মূলত সরকারের একটি উদ্যোগ। নগদবিহীন লেনদেনের পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অন্যতম উদ্দেশ্য হলো প্রতিটি লেনদেনের তথ্য সংরক্ষণ করা। 'এক দেশ, এক কিউআর' ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। এই অগ্রগতির চিত্র লেনদেনের সংখ্যা ও আর্থিক পরিমাণ—উভয় ক্ষেত্রেই স্পষ্ট।

২০২৬ সালের জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে দাঁড়ায়। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণও প্রায় তিন গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

লেনদেনের এই ক্রমবর্ধমান প্রবণতা ইঙ্গিত দেয়, বাংলা কিউআর কেবল একটি প্রযুক্তি নয়; এটি দেশের আর্থিক ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনেরও অংশ। ভারত তাদের ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা একীভূত পেমেন্ট ব্যবস্থা) ও কিউআরভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কয়েক বছরের মধ্যেই নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়েছে। বাংলাদেশও এখন সেই পথে এগিয়ে যাচ্ছে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং ক্যাশলেস বাংলাদেশের ভিত্তি আরও শক্তিশালী হবে।

ক্যাশলেস অর্থনীতির এই অগ্রযাত্রা শুধু লেনদেনের পদ্ধতি বদলানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনারও সম্পর্ক রয়েছে। সরকারের রাজস্ব আয় বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতেও নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গুরুত্বপূর্ণ। কারণ, নগদ অর্থে হওয়া অনেক লেনদেনের তথ্য যথাযথভাবে সংরক্ষিত থাকে না। ফলে এসব লেনদেনের একটি বড়ো অংশ কর ব্যবস্থার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, ডিজিটাল মাধ্যমে প্রতিটি লেনদেনের একটি নির্দিষ্ট রেকর্ড তৈরি হয়। এতে ব্যবসায়িক আয় ও ব্যয়ের হিসেব রাখা সহজ হয় এবং আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়ে। একই সঙ্গে কর ফাঁকির সুযোগ কমানো এবং প্রকৃত আয় নিরূপণেও সহায়তা পাওয়া যায়। এভাবে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়লে সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল হতে পারে।

তবে ডিজিটাল লেনদেনের এমন সুবিধার পাশাপাশি এর খরচের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে। বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে হয় না। ব্যাংকগুলোর পরিচালন ব্যয় নির্বাহের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা লেনদেন ফি প্রযোজ্য। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ ক্ষেত্রে সর্বনিম্ন ১ শতাংশ ফি নির্ধারিত রয়েছে। অর্থাৎ, ১ হাজার টাকার লেনদেনে ব্যবসায়ীকে কমপক্ষে ১০ টাকা ফি দিতে হতে পারে। তবে এই ফি গ্রাহকের ওপর বর্তায় না; বরং এর দায়ভার মূলত ব্যবসায়ী বা মার্চেন্টের। আর্থিক প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব প্রচারণা ও গ্রাহকসেবা কার্যক্রমের অংশ হিসেবে এই ফি কমাতে পারে অথবা নিজেরাই বহন করতে পারে।

ডিজিটাল লেনদেনের প্রসারের সঙ্গে এর নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছর ডিজিটাল লেনদেনে আশি হাজারের বেশি প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১০০ কোটি টাকা খোয়া গেছে। তাই নতুন কোনো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জনপ্রিয় করার পাশাপাশি গ্রাহকের অর্থ ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। কার্ডভিত্তিক লেনদেনে ক্লোনিং বা স্কিমিংয়ের মতো ঝুঁকি থাকলেও কিউআর কোডভিত্তিক লেনদেনে এসব ঝুঁকি তুলনামূলক কম। কারণ, এ ব্যবস্থায় গ্রাহক নিজের অ্যাপে পিন দিয়ে লেনদেন অনুমোদন করেন। তবে ভুয়া কিউআর স্টিকার বসিয়ে প্রতারণার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এ ক্ষেত্রে শুধু পিন বা ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ যথেষ্ট নয়। প্রতিটি নিবন্ধিত মার্চেন্টের কিউআর কোড কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে যুক্ত করা এবং স্ক্যান করার আগেই মার্চেন্টের নাম ও পরিচয় যাচাইয়ের সুযোগ রাখা যেতে পারে। এতে গ্রাহক সহজেই বুঝতে পারবেন, তিনি সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা পাঠাচ্ছেন কি না। পাশাপাশি সন্দেহজনক লেনদেন শনাক্ত ও দ্রুত অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলে বাংলা কিউআরের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

নিরাপত্তা ও খরচের এসব বিষয় বিবেচনায় রেখে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ দূর করার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীদের মধ্যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে। কোনো ক্ষুদ্র ব্যবসায়ী ১০০ টাকার পণ্য বিক্রি করে যদি ৯৯ টাকা পান, তাহলে স্বাভাবিকভাবেই তাঁর মনে প্রশ্ন আসতে পারে—কেন তিনি এক টাকা কম নেবেন? তবে ডিজিটাল ও নগদবিহীন লেনদেন বাড়লে পণ্য বিক্রির পরিমাণও বাড়তে পারে। লেনদেন সহজ হলে একজন ক্রেতা আরও বেশি কেনাকাটায় উৎসাহিত হতে পারেন। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ভর্তুকি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক।

সব মিলিয়ে, ডিজিটাল লেনদেন সহজ করার পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো এবং ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করাই বাংলা কিউআর ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

এই উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের জন্য আধুনিক, ক্যাশলেস ও স্মার্ট জীবনযাত্রার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের অর্থনীতির আনুষ্ঠানিকীকরণও ত্বরান্বিত হবে। আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিগত এই রূপান্তর দেশের ট্রিলিয়ন ডলারের স্মার্ট অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে এবং একটি ক্যাশলেস বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লেখক: আশরাফুল ইসলাম ফয়সাল, তথ্য অফিসার, তথ্য অধিদফতর, ঢাকা

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ জমাদিউস সানি ১৪৪৮।

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের

১৪ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জমাদিউস সানি ১৪৪৮।

এআই সম্ভাবনা ও প্রেক্ষাপটে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, আগামী দিনে এর সম্ভাবনা কী এবং চ্যালেঞ্জগুলো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্জেন্ট সাবিহার দেনমোহর ২ লাখ টাকা, বিচ্ছেদে নেন অর্ধ কোটি

হরমুজে ভয়াবহ বিস্ফোরণ, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল ট্যাংকার

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই : এসআরবি

সৌদি আরবে ৭ দিনে প্রায় ১২ হাজার প্রবাসী গ্রেপ্তার

দেশের দীর্ঘতম দুই লেনের অস্থায়ী সেতু উদ্বোধন করলেন শিক্ষার্থীরা

বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

এসপি জাহাংগীর যেভাবে গ্রেফতার হলেন 

ভারতে কাগজে-কলমে দারিদ্র্য জয়, কোটি মানুষের পেটে নেই ভাত

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থানই মানবতার শক্তি

গোপালগঞ্জ-ফেনীর পুলিশ সুপার বদলি

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু