
ঢাকার ধামরাই উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুম উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এসময় ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ আতিকুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করবে।

