
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় সংঘবদ্ধ মাদক কারবারিদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে তার দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মোঃ মনির হোসেন (৩৯)। তিনি অনলাইন নিউজ পোর্টাল 'টাইম ২৪'-এ কর্মরত। গত ১০ অক্টোবর (২০২৬) রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে বিচার চেয়ে মনির হোসেন নিজেই বাদী হয়ে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে সাংবাদিক মনির হোসেন কাজ শেষে মিল্লাত ক্যাম্প হয়ে নিজের বাসায় ফিরছিলেন। পথে ১১ নম্বর সেকশনের মিল্লাত ক্যাম্প গেট সংলগ্ন রাস্তায় তিনি দেখতে পান স্থানীয় মাদক কারবারি মোঃ বেচু খান (৪২) এবং পুতুল (৪০) মাদক বিক্রি করছে। একজন সচেতন নাগরিক ও সাংবাদিক হিসেবে মনির হোসেন তাদের এই অবৈধ কাজে বাধা দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই মাদক কারবারিরা এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
মনির হোসেন গালিগালাজের প্রতিবাদ করলে বেচু খান ও পুতুল তাদের আরও ২০-২৫ জন অজ্ঞাত সহযোগীকে ডেকে আনে। কিছু বুঝে ওঠার আগেই তারা হত্যার উদ্দেশ্যে মোটা বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে মনির হোসেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাথায় আঘাত করার সময় তিনি দুই হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাতের হাড়ই ভেঙে যায়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
পরে সাংবাদিক মনিরের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ভুক্তভোগীর স্ত্রী ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পল্লবী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষী মাদক কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

