
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা হবে।
শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
এসময়, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’—এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং আইনি অধিকার পাবেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়া হবে। তিনি বলেন, সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারতে যেতে পারেন।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
তিনি বলেন, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় কী করছে, তা মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।
পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা কঠিন; এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।
পলিথিন বা প্লাস্টিকের তুলনায় পাটের ব্যাগ তাৎক্ষণিকভাবে সবার কাছে বেশি সুবিধাজনক মনে নাও হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতি বিবেচনায় নিয়ে জনগণ এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে।’
রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘‘অভিযাত্রিক কমিউটার’’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।
ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রতিনিধি ঢাকায় এসেছেন এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। ‘র’ প্রধানের বাংলাদেশ সফর গোপন কিছু নয়।
তবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, তার বাইরে গিয়ে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।
শেখ হাসিনার আমলের মতো ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে বলে জানান জাহেদ উর রহমান।

