
রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে আন্তর্জাতিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান। তিনি বলেন, ২০১৭ সালের রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে আছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
এর আগে ঢাকা থেকে বিশেষ বিমানে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে পৌঁছান নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল। সফরসঙ্গী হিসেবে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। কক্সবাজার বিমানবন্দরে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ এন এম. সাজেদুর রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান।
প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তারা তার্কিস ফিল্ড হাসপাতাল, তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপোজ অ্যাডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের জন্য আয়োজিত চ্যারিটি ফুটবল ম্যাচেও অংশ নেন।
ফুটবল ম্যাচ শেষে নেকমেতিন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিলসহ প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করেন।
একদিনের সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শিবিরে বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। দলের মধ্যে ছিলেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধি।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল রাতেই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে আসেন।
আমার বার্তা/এমই

