
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জিনি সরকার।
স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, খবর পেয়ে রাতেই বৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আমার বার্তা/জেএইচ

