ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নজরুল ইসলামের কবিতায় ঈদুল ফিতর

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৫, ১০:২৪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে আসে ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এটি মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। ঈদুল ফিতরে জনমনে থাকে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ। ঈদের আগের দিন থেকেই শুরু হয় প্রস্তুতি। সর্বত্র বাজতে থাকে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান—

‘ও মন রমজানের ঐ রোজার শেষে,

এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে

শোন আসমানি তাগিদ।’

কাজী নজরুল ইসলাম কবি, আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তাঁর রয়েছে যথেষ্ট অবদান। রয়েছে সব শাখায় বিচরণ। তিনি লিখেছেন অনেক ইসলামি কবিতা ও গজল। তাঁর ইসলামি লেখাসমূহের মধ্যে ঈদ নিয়ে লেখা কবিতা, গজলগুলো বাংলা সাহিত্যে এবং আমাদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। কারণ বাংলা সাহিত্যে তাঁর মতো কেউ ঈদ নিয়ে এত লেখালেখি করেননি। বাংলা সাহিত্যে ঈদ নিয়ে নজরুলই এককভাবে সবচেয়ে বেশি রচনা করেছেন। ‘শহীদী ঈদ’, ‘ঈদের চাঁদ’, ‘কৃষকের ঈদ’, ‘বকরীদ’, ‘ঈদ-মোবারক’, ‘জাকাত লইতে এসেছে ডাকাত চাঁদ’, ‘কোরবানি’, ‘আজাদ’ এগুলো তাঁর ঈদের কবিতা। তাছাড়া নজরুলের ঈদ বিষয়ক গানগুলো হলো—‘ও মন রমজানের ঐ রোজার শেষে’, ‘নতুন ঈদের চাঁদ’, ‘চলো ঈদগাহে’, ‘ঈদ ঈদ ঈদ’, ‘নাই হল মা বসন-ভূষণ এই ঈদে আমার’, ‘ছয় লতিফার ঊর্ধ্বে আমার আরাফাত ময়দান’, ‘ঈদুজ্জোহার তকবির শোনো’, ‘ঈদ মোবারক হো’, ‘ঈদের খুশির তুফানে আজ ডাকল কোটাল বান’, ‘ফুরিয়ে এল রমজানেরই মোবারক মাস’, ‘নতুন চাঁদের তকবির, ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ’, ‘দে জাকাত দে জাকাত, তোরা দেরে জাকাত’, ‘ঈদ মোবারক হোক ঈদ মোবারক হোক’, ‘ঈদ মোবারক ঈদ মোবারক’। তাছাড়া ‘ঈদজ্জোহা’ ও ‘ঈদুল ফেতর’ নামক দুটি নাটিকাও আছে।

দীর্ঘ এক মাস রোজা শেষে পশ্চিম আকাশে যখন এক ফালি চাঁদ দেখা যায়, মানুষের মনে তখন আনন্দের জয়ধ্বনি। এ জয়ধ্বনি কবি প্রকাশ করেন তার কবিতার ভাষায়। বলেন—

‘এল ঈদুল ফিতর এল ঈদ ঈদ ঈদ

সারা বছর যে ঈদের আশায় ছিল না ক’ নিদ

রোজা রাখার ফল ফলেছে দেখ রে ঈদের চাঁদ

সেহরি খেয়ে কাটল রোজা, আজ সেহেরা বাঁধ।’

রোজার আত্মশুদ্ধি ও ধৈর্য পরীক্ষা শেষে ঈদ অনেক আনন্দ নিয়ে আসে। সেই আনন্দই কবি তাঁর কবিতায় প্রকাশ করেন—

‘ফিরদৌসের শিরনি এল ঈদের চাঁদের তশতরিতে

লুট করে নে বনি আদম ফেরেশতা আর হুরপরীতে

চোখের পানি হারাম আজি

চলুক খুশির আতসবাজি।’

ধনী-গরিব সবার জন্যই ঈদ, সবাই চান ঈদ। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক কৃষক, মজুর বা গরিব মানুষ আছেন; যাদের জন্য ঈদ খুশি নিয়ে আসে না। যদিও তারা খুশি থাকার ব্যর্থ চেষ্টা করেন। নজরুল তাদের দুঃখ-কষ্টও বুঝতেন। তাদের কষ্ট তুলে ধরেছেন নিজ কবিতায়। বলেছেন—

‘জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ

মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?’

কবি এমন ঈদ প্রত্যাশা করতেন; যেখানে ধনী-গরিব সবাই আনন্দে থাকবে, ঘুচে যাবে সব বৈষম্য। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন—

‘সিঁড়িওয়ালাদের দুয়ারে এসেছে আজ

চাষা-মজুর ও বিড়ি-ওয়ালা

মোদের হিসসা আদায় করিতে ঈদে

দিল হুকুম আল্লাহতালা

দ্বার খোল সাততালা-বাড়িওয়ালা দেখ কারা দান চাহে

মোদের প্রাপ্য নাহি দিলে যেতে নাহি দিব ঈদগাহে।’

কারো কাছ থেকে সাহায্য না পাওয়ায় কবি গরিব-অসহায়দের সান্ত্বনা দিতেও সংকোচ বোধ করেননি। কবি নিজেকে অভাবী শ্রেণিদের প্রতীক ভেবে কবিতায় বলেন—

‘নাই হলো মা বসন-ভূষণ এই ঈদে আমার

আল্লাহ আমার মাথার মুকুট রসুল গলার হার।।

নামাজ রোজা ওড়না শাড়ি

ওতেই আমায় মানায় ভারী

কলমা আমার কপালের টিপ

নাই তুলনা তার।।’

গরিব-অসহায় শ্রেণিদের কষ্টে ঈদ অতিবাহিত করার প্রধান কারণ ধনী ব্যক্তিরা গরিবদের পাশে না দাঁড়ানো। বেশিরভাগ ধনীই ভুলে যায় মানবতা, ভুলে যায় ইসলামের শিক্ষা। কেননা ইসলাম মানবতার কথা বলে, শান্তির কথা বলে, বলে সমব্ণ্টনের কথাও। তাই কবি ইসলামের বাণী স্মরণ করিয়ে দিয়ে কবিতার ভাষায় বলেন—

‘ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই,

সুখ-দুখ সম-ভাগ ক’রে নেব সকলে ভাই,

নাই অধিকার সঞ্চয়ের।

কারো আঁখি-জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবেদীপ?

দু’জনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদনসিব?

এ নহে বিধান ইসলামের।।’

সমাজের বিত্তবান ও ধনিক শ্রেণির উচিত মানবিক হওয়া, ভ্রাতৃত্বের আদর্শকে সমুন্নত রাখতে অভাবীদের নিয়ে ভাবা, সাহায্য করা ও ইসলামি শিক্ষা অনুযায়ী চলা। তাহলেই আশা করা যায়, সাহায্য ও দান করার মাধ্যমে তাদের অভাব লাঘব হবে।নজরুল এ প্রসঙ্গে বলেছেন—

‘ঈদ্-অল-ফিতর আনিয়াছে তাই নব বিধান,

ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,

ক্ষুধার অন্ন হোক তোমার!

ভোগের পিয়ালা উপচায়ে পড়ে তব হাতে,

তৃষ্ণাতুরের হিসসা আছে ও পিয়ালাতে,

দিয়া ভোগ কর, বীর, দেদার।’

ইসলামে অভাবিকে খাবার খাওয়ানো মানে আল্লাহকে খুশি করা। হাদিসেও বিস্তারিতভাবে তা আলোচনা করা হয়েছে। যে আল্লাহকে খুশি করতে পারবে, তার ঈদ হবে শ্রেষ্ঠ ঈদ। কাজী নজরুল ইসলাম ঈদ নিয়ে দুটি নাটিকা রচনা করেছিলেন। ‘ঈদ’ নাটিকায় মাহতাবের কণ্ঠে বলেন—

‘আমি আল্লাহকে পেলাম। তারই অস্তিত্ব তাঁরই ইচ্ছার সৃষ্টি তোমাদের সকলকে পেলাম। তাই, আমার ঈদ ফুরায় না, আমার ঈদ ফুরায় না, আবার আসে।’

তাই আমাদের উচিত, নজরুলের কবিতায় উজ্জীবিত হয়ে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ধনী-গরিব বৈষম্যহীন এক ঈদ উদযাপন করা। যে ঈদে আমরা পরস্পরকে বলবো, ‘ঈদ মোবারক’। এ নিয়ে কবি নজরুল বলেছেন—

‘পথে পথে আজ হাঁকিব, বন্ধু,

ঈদ-মোবারক! আসসালাম!

ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!

বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ।

আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে!

সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে—

দেহ নয়, দিল হবে শহীদ।।’

আমার বার্তা/এমই

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের