
প্যারিসের বিলাসবহুল এক হোটেলে ২০১৬ সালে অস্ত্রের মুখে গয়না ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে তার দাবি করা প্রতীকী ১ ইউরো (১.১৫ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় বিশ্লেষণ করে কিমের আইনজীবী এই তথ্য জানান।
ক্ষতিপূরণের অর্থের চেয়ে আসামিদের অপরাধ স্বীকার ও জবাবদিহিকেই প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছিলেন কিম।
আদালতের রায়ের পর কিম কার্দাশিয়ান ও তার স্টাইলিস্ট সিমোন হারুশ এক যৌথ বিবৃতিতে জানান, এটি কেবল অর্থের বিষয় ছিল না, বরং বিচার প্রাপ্তি ও স্বীকৃতির বিষয় ছিল। ঘটনাটিকে ‘জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা’ উল্লেখ করে কিম ফরাসি বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। একই মামলায় ডাকাতদের কবলে পড়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া হোটেলের সাবেক রিসেপশনিস্টকে ১০৯,৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৬ সালের ২ অক্টোবর প্যারিস ফ্যাশন উইক চলাকালে পুলিশের পোশাকে আসা ডাকাত দল কিমকে বেঁধে রেখে প্রায় ৬ মিলিয়ন ডলার মূল্যের গয়না লুট করে নিয়ে যায়। বয়সের কারণে ফ্রান্সে ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি পাওয়া এই চক্রের আট সদস্যকে গত বছর দোষী সাব্যস্ত করা হয়। সশস্ত্র ডাকাতি, অপহরণ, গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং অন্যান্য অভিযোগে যখন তাদের বিচার হয়, তখন তাদের মধ্যে ছয়জনের বয়স ছিল ষাট ও সত্তরের কোঠায়।

