
অভিনয়ের পরিচিত জগতের বাইরে এবার নতুন এক দায়িত্বে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সামিরা খান মাহি। আনুষ্ঠানিকভাবে স্পিডটাচ অটোসের পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।
নতুন এই দায়িত্বে যুক্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন মাহি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে চারটি ছবি পোস্ট করে বিষয়টি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কখনো গাড়ির চালকের আসনে, আবার কখনো গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে দেখা যায় তাঁকে। নতুন দায়িত্ব গ্রহণের উচ্ছ্বাসও স্পষ্ট তাঁর অভিব্যক্তিতে।
অটোমোবাইল শিল্পে যুক্ত হওয়াকে নিজের জন্য একেবারেই নতুন একটি অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন মাহি। এই নতুন যাত্রায় নিজের ভাবনা, উদ্যম ও ধারণা দিয়ে প্রতিষ্ঠানের এগিয়ে চলায় অবদান রাখার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
মাহির দেওয়া তথ্য অনুযায়ী, স্পিডটাচ অটোসের মাধ্যমে নতুন, পুনঃসংস্কারকৃত ও ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও ভালো মান, সঠিক মূল্য এবং প্রতিযোগিতামূলক সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব, স্থানীয়ভাবে গাড়ি সংযোজন এবং ভবিষ্যৎকে ঘিরে একটি শক্তিশালী পরিকল্পনা নিয়েও এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
অভিনয় অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করার পাশাপাশি নতুন অভিজ্ঞতা ও দায়িত্ব গ্রহণের প্রতি মাহির আগ্রহও বরাবরই চোখে পড়ার মতো। এবার সম্পূর্ণ ভিন্ন একটি অঙ্গনে পরিচালকের দায়িত্বে তাঁর যুক্ত হওয়া সেই পথচলায় যোগ করল নতুন একটি অধ্যায়।
নতুন পরিচয়, নতুন দায়িত্ব আর সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়—সবকিছুকে সঙ্গে নিয়ে মাহির এই নতুন পথচলা যে তাঁর কর্মজীবনে ভিন্ন এক অভিজ্ঞতা যোগ করতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

