বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে রাতে
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপ আসর শুরু হবে এ বছর ৫ অক্টোবরে। এবারের বিশ্বকাপ আসরের আয়োজক দেশ ভারত। ৪৬ দিনের খেলায় মোট ১০ টি দেশের অংশগ্রহণে ৪৮টি ম্যাচ গড়াবে ১৩তম সংস্করণে। ইতিমধ্যে বিশ্ব ভ্রমণ শুরু করেছে বিশ্বকাপের ট্রফি। যার যাত্রা শুরু হয়েছে ভারত থেকে। ট্রফির শেষ যাত্রা হবে দক্ষিণ আফ্রিকা। মোট ১৯টি দেশ ভ্রমণ করবে এবারের আসরের ট্রফি। সে ধারাবাহিকতায় বাংলাদেশও আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি।
আজ রোববার (৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পৌঁছবে বিশ্বকাপ ট্রফিটি। আগামীকাল ৭ আগস্ট থেকে ৯ আগস্ট এ তিন ট্রফি থাকবে বাংলাদেশে। এ ট্রফি নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ট্রফি প্রদর্শনের বিষয়টিকে তিনটি ধাপে ভাগ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
প্রথম দিন (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বিকেল ৩টায় ট্রফির সঙ্গে অফিসিয়াল ফটোশুট। সেখানে থেকে ট্রফি ফিরে যাবে হোটেলে। দ্বিতীয় দিন (৮ আগস্ট ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে।
শেষের দিন (৯ আগস্ট) ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।
মূলত বেশি সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এবি/ জেডআর
