
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজে বল টেম্পারিংয়ের ব্যাপারে দলের সবাই অবগত ছিলেন বলে দাবি জানিয়েছেন সাবেক অজি ওপেনার উসমান খাজা। তার এই বিস্ফোরক দাবির প্রতি গুটিকয়েক অস্ট্রেলিয়ান সমর্থন জানিয়েছেন। এবার সেই ম্যাচে দুই ইনিংসে ফিফটি করা প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্সও স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করলেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের দৃঢ় বিশ্বাস, আট বছর আগের সেই সিরিজে বল টেম্পারিংয়ের পরিকল্পনা প্রত্যেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় জানতেন। আর সেই কুখ্যাত কেপটাউন টেস্টের আগেই সফরকারী দল যে সীমালঙ্ঘন করেছিল, তা নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ তার মনে।
২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে দুই অস্ট্রেলিয়ান ক্রিকেট খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক দাবি প্রসঙ্গে ডি ভিলিয়ার্স নিজের মত দিয়েছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম নাইনডটকম। খাজা জানান, কেপটাউনের আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও বলে স্যান্ডপেপার ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসে ৬৪ ও ৬৩ রান করা ডি ভিলিয়ার্সের বিশ্বাস, ডারবানে প্রথম টেস্টেও বল টেম্পারিং হয়েছিল।
নাইনডটকম-এর বরাত দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি এখানে কোনো ব্যক্তিকে দোষারোপ করতে কিংবা কে সঠিক, কে ভুল তা বলতে আসিনি। কয়েকটি ব্যাপার নিয়ে আমার দৃঢ় অনুভূতির কথা এখানে ভাগ করতে এসেছি।’
খাজার বই প্রকাশ করে পুনরায় বিতর্কটি তোলা প্রসঙ্গে সাবেক প্রোটিয়া তারকা বললেন, ‘বই প্রকাশে উসমানের কোনো ভুল আমি দেখছি না। সময়টা অবশ্যই অদ্ভুত, এখন ২০২৬ সাল চলছে।’ তিনি বলে গেলেন, ‘এটা এতে জড়িত সবার জন্য সত্যিই ব্যক্তিগত ব্যাপার। তাদের জন্য আমার সহানুভূতি রয়েছে। কিন্তু সেদিন যা ঘটেছে এবং তার আগে কতগুলি খেলাতে ঘটেছে, সেই ব্যাপারে অবগত থাকা খেলোয়াড়দের ব্যাপারে অবশ্যই সহানুভূতি নেই।’
ডি ভিলিয়ার্স আরও দাবি করেন, কেবল কেপটাউন ও পোর্ট এলিজাবেথ টেস্টেই নয়, ডারবান টেস্টেও একই ব্যাপার ঘটেছিল। তিনি বলেন, ‘আমি দেখলাম প্রত্যেকেই এরকম স্বীকার করেছে যে পোর্ট এলিজাবেথেও এটা হয়েছে। আমি আপনাদের পরিষ্কার করে বলতে পারি, ডারবানও আলাদা কিছু ছিল না। গিয়ে ফুটেজ দেখুন। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই।’
বল পরিবর্তন করার জন্য ব্যবহৃত উপাদানের ওপর মনোযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ডি ভিলিয়ার্স। তার মতে, বল বিকৃত করতে স্যান্ডপেপার নাকি অন্য কিছু ব্যবহার করা হয়েছিল, তার চেয়ে বড় বিষয় হলো একটি অবৈধ কাজের জন্য নেওয়া পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘এটা অদ্ভুত কারণ সবাই কথা বলছে স্যান্ডপেপার নিয়ে, ‘আপনি কি স্যান্ডপেপার সম্পর্কে জানেন?’ দিন শেষে সবাই জানত তারা সীমা লঙ্ঘন করছে এবং অবৈধ কিছু একটা করছে। আর এই বিষয়টি সবাই এড়িয়ে যাচ্ছে। কোন উপাদান ব্যবহার করা হয়েছিল, সেটা নিয়ে আমরা সবাই কেন চিন্তিত? আসল ব্যাপার হলো, মাঠে একটা অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা।’
নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ডি ভিলিয়ার্স জানালেন, এই পরিকল্পনা সম্পর্কে যে সব খেলোয়াড়রা জানত, তা নিয়ে তার কোনো সন্দেহ নেই। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এটা সম্পর্কে জানত। এনিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’

