ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ভয়াবহ সংকটের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট, যা তাদের মানদণ্ডেও নজিরবিহীন। ইংল্যান্ডে টানা দুটি টেস্ট হারের পর পিসিবি স্কোয়াডের সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়েছে। প্রধান কোচ ও বোলিং কোচকেও পাল্টে ফেলেছে তারা। এই ঘটনা ক্রিকেট মহলে বেশ শোরগোল তুলেছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের ভেতরের সূত্র থেকে তথ্য বের করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ। তাদের দাবি, এই ঘটনায় খেলোয়াড়রা ‘হতবাক’ হয়েছে বললেও কম হবে। সোমবার বিকেল পাঁচটার দিকে পাকিস্তান দলের সদস্যরা বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে বার্তা পেতে শুরু করেন। কী হচ্ছে, সেটা তাদের মাধ্যমেই জানতে পেরেছিলেন। ওই দিন সবার ছুটি ছিল, কেউ বাইরে ঘুরতে বের হয়েছিলেন, কেউ বা হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। এক খেলোয়াড়ের মতে, তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। শুরুতে তিনি ভেবেছিলেন, এগুলো ভুয়া খবর।

ক্রিকইনফো-র তথ্য অনুযায়ী, সোমবার নির্বাচকদের কাছ থেকে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হকের অন্তর্ভুক্তির ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। এজন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল তারা। আর একই দিনে বোর্ড এই দুজনসহ তাদের সাত খেলোয়াড় ও দুই কোচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বড় ধরনের অদলবদল করার পর সাবেক অধিনায়ক মিসবাহ উল হক জাতীয় দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগের প্রস্তাব দেন। প্রতিবেদন অনুযায়ী, তার সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি বোর্ড। এছাড়া লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কনসালট্যান্টের ভূমিকা থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।