দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। তাদের দলটির সমর্থকরা সর্বত্র সেই দৃশ্যের পুনরাবৃত্তি তো করেছেন–ই, ম্যাচ শেষে কখনও মার্টিন ওডেগার্ড আবার কখনোবা আর্লিং হালান্ডের নেতৃত্বে সদলবলে ‘ভাইকিং রো’ দিতে দেখা গেছে। একই দৃশ্য এবার দেখা গেল ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতে।
ইতালিয়ান তারকা গোলরক্ষক তার দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে নিয়ে হাজির হয়ে পুরো লাইমলাইট কেড়ে নিলেন হালান্ড। মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা এই ম্যানসিটি তারকা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন।
হালান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়। একপর্যায়ে হালান্ড নিজেই হেসে ফেলেন এবং এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার সেই মুহূর্ত উপস্থিত সবার জন্যই বাড়তি আনন্দের উপলক্ষ্য হয়ে ওঠে।
দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের অনেক পরিচিত মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও যোগ দেন। এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এ ছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেন।
প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটাও স্মরণীয় করে রেখেছেন হালান্ড। তার নৈপুণ্যে প্রথমবারের নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টটিতে তিনি করেন ৭টি গোল। এরপর উপভোগ্য সময় কাটাচ্ছেন বান্ধবীকে সঙ্গে নিয়ে। এখনও যোগ দেওয়া হয়নি ম্যানসিটির ক্যাম্পে। এনজো মারেস্কার অধীন ক্লাবটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি সারছে।
