বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

১৭ এপ্রিল থেকে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজের জন্য আগেই সফরকারী কিউইরা স্কোয়াড ঘোষণা করেছিল। ডান হাতের ইনজুরিতে আসন্ন সফর থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। এ ছাড়া ওয়ানডে সিরিজ না খেলে পিএসএলে যাবেন আরেক পেসার বেন সিয়ার্স।
ক্লার্কের বদলে ডাকা হয়েছে বাঁ-হাতি পেসার বেন লিস্টারকে। ক্লার্ক বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরে শ্রীলঙ্কায় রয়েছেন। সপ্তাহের শুরুতে সেখানে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান তিনি। এর আগে জানুয়ারিতে ভারত সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রিস্টিয়ান ক্লার্কের। যেখানে তিনি ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
নতুন করে ডাক পাওয়া লিস্টারও ‘এ’ দলের সঙ্গে লঙ্কান মাটিতে আছেন। ২০২৪ সালে পাকিস্তান সিরিজে অভিষেক হওয়া ২৫ বছর বয়সী এই ক্রিকেটার ৩টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি খেলেছেন জাতীয় দলে। এদিকে, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে খেলবেন না বেন সিয়ার্স। এর বদলে তিনি পিএসএলে রাওয়ালপিন্ডির স্কোয়াডে যোগ দেবেন। এরপর ঢাকায় আসবেন টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
পিএসএলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন। যদিও রিশাদসহ ৫ বাংলাদেশি ক্রিকেটারকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বিসিবি। রিশাদের রাওয়ালপিন্ডি অবশ্য প্রথমবার পিএসএলে খেলতে নেমে বেকায়দায় রয়েছে। চার ম্যাচের সবকটিতে হেরে তারা প্লে-অফের আগে ছিটকে পড়ার শঙ্কায়। সে কারণে সিয়ার্স তাদের স্কোয়াডে শক্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। চোটের কারণে কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নাসিম শাহ’র বদলি হিসেবে যুক্ত হবেন এই কিউই পেসার।
চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজ দিয়ে কিউই দলে ফিরেছেন একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টিতে আর দুই ফরম্যাটের দলেই জায়গা করে নিয়েছেন ফিশার। এ ছাড়া নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার দলে নেই। আইপিএল খেলার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। স্যান্টনারের অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যা ৩টায় শুরুর কথা থাকলে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বেলা ১১টা থেকে নতুন সময় চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা ৩টা করা হয়েছে।
