দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ফলে আজ বুধবার দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।  দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে কি না, তা পর্যালোচনার পর রোজা শুরুর তারিখ ঘোষণা করা হয়। চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই এশার নামাজের পর তারাবি শুরু হবে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকালই (১৭ ফেব্রুয়ারি) মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সেখানে আজ প্রথম রোজা পালিত হচ্ছে। এ হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল দেশের আকাশে আজ রমজানের চাঁদ দেখা যাবে। সাধারণত সৌদি আরবের একদিন পর দেশের আকাশে রোজা ও ঈদের চাঁদ ওঠে।  

মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এই তিন অংশে বিভক্ত এই মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত।

ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন সাত থেকে ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান শেষে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।


আমার বার্তা/এমই