কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কানাডার নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডর প্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১২ জুন) ভোরে কানাডার সেন্ট জনসের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত বাংলাদেশি শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহি ঘটনাস্থলেই মারা যান। বাকি তিন আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তর হালিশের বাসিন্দা মো. ইস্তিনাব মাহি ২০২৩ সালের সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য কানাডা মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে গিয়েছিলেন।
এদিকে, এই বিষয়ে রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি ঘটনাটি তদন্ত করছে, যেটিকে পুলিশ প্রাথমিকভাবে বেপরোয়া গাড়ি চালানোর ফল বলে মনে করছে।
পুলিশের মতে, চালক রাস্তার পাশে স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এবং তার লাইসেন্স স্থগিত করা হয়েছে। তদন্তকারীরা ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছেন।
দুর্ঘটনায় জড়িতদের সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিহত শিক্ষার্থীর বাবা-মা মো. মহিব উল্লাহ ও পারভিন আক্তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
আমার বার্তা/এমই
