আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের ব্রিফ করেন / ছবি : পিআইডি

ভারতে অবস্থান করে আওয়ামী লীগের কয়েকজন নেতার উসকানিমূলক বক্তব্যে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হবে না- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের এখন এমন কোনো নৈতিক সক্ষমতা নেই, যার মাধ্যমে তারা দেশে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কথাবার্তা ছড়ানো হচ্ছে। টাকা-পয়সা খরচ করে কিছু লোককে দিয়ে নানা কিছু করানোর চেষ্টা হতে পারে। কিন্তু এ দেশে কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করার সক্ষমতা আওয়ামী লীগের নেই।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, তাদের সেই নৈতিক শক্তিটাই নেই। কিছুটা টাকার শক্তি থাকতে পারে, ১০-১৫ জন লোককে দিয়ে বিচ্ছিন্ন কিছু করানোর চেষ্টা হতে পারে। কিন্তু তা দিয়ে দেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করা সম্ভব নয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোন পথে চলবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে তারা যে পথের কথা বলছে, তা বাংলাদেশে কার্যকর হবে না।

ভারতে অবস্থানরত পলাতক আসামিদের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, যাদের অনেকেই বিভিন্ন মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং কারও কারও সাজাও হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিতভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, তাদের সেখানে বসে এ ধরনের কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ার পরিবর্তে আমাদের কাছে হস্তান্তর করার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে উত্থাপন করা হচ্ছে। সরকার এ বিষয়ে নিয়মিতভাবে কথা বলে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই