কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

সোমবার (১৮ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে। কোনো জোটে যাবে না। 

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরীয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই