একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে: মির্জা ফখরুল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আমাদের মা-বোনেরা সরল। কোরআন শিক্ষার নাম করে বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে।' তিনি দাবি করেন, একটি দল এ ধরনের মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কিছু গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, তবে এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। 'দেশের মানুষ জেগে উঠেছে এবার ভোট আমরা দেবই' —বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মাফ করা হবে। পাশাপাশি মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। তিনি দাবি করেন, শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মহাসচিব বলেন, ‘আমরা যা বলি তা কাজে করে দেখাই। বিগত সময়ে ক্ষমতায় থাকা অবস্থায় এলাকার অনেক উন্নয়ন করেছি। দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে রয়েছি, নির্বাচন হেরেছি কিন্তু আপনাদের ছেড়ে কখনো চলে যাইনি। বিজয়ী হয়েছি, আপনাদের সঙ্গে ছিলাম কাজ করেছি। তাই অন্য যে প্রার্থী রয়েছে তাদেরকে আপনারা ভোট দেবেন না কি আমাকে দেবেন সেটি আপনাদের বিবেচনায় রেখে দিলাম।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন সৎ থাকবেন সততার সঙ্গে দেশের কাজ করবেন। এক সময় দেশে আওয়ামী লীগের শেখ মুজিব ছিলেন, সে সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের ব্যর্থতার জন্য সেদিন দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে আবার ওপরের দিকে তুলে নিয়ে এসেছেন। বিএনপির কোন কর্মীর ব্যবহারে কেউ যদি কষ্ট পান তাহলে আল্লাহর ওয়াস্তে তাদের মাফ করে দিবেন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আমাদের ছেলেরা কোথাও কোনো খারাপ কাজ করবে না।’
তিনি বলেন, বিএনপি শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
