নতুন দল গঠনের তথ্য সঠিক নয়: মেজর হাফিজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক :

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান তুলে ধরে  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেছেন নতুন দল গঠনের তথ্য সঠিক নয়। শারীরিক অবস্থার কারণে রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছি। বিএনপির রাজনীতিতে আমি এখন গুরুত্বহীন বলেও দাবি করেছেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে  নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপিতে সবাই ইয়েস স্যার, সত্য বলার লোক নেই। বিএনপির রাজনীতিতে তিন এখন গুরুত্বহীন বলেও মন্তব্য করেন।

মেজর (অব.) হাফিজ বলেন, আমাদের আন্তর্জাতিক কানেকশন খুব দুর্বল। আমাদের নেতারা সেই সম্পর্ক করতে ব্যর্থ হয়েছেন। এদিকে নজর দিতে হবে। পাশাপাশি শুধু রাজপথে আন্দোলন করেই সরকার পতন ঘটানো যাবে না। এখন বিএনপির উচিত নির্বাচনে যাওয়া। যুক্তরাষ্ট্র এবং ইইউকে সঙ্গে নিয়ে মধ্যস্থতা করে হলেও বিএনপির নির্বাচনে যাওয়া উচিত।

এ সময় তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি অবসর নিতে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন, তিনি যেন ত্যাগী নেতাদের গুরুত্ব দিয়ে দলের সংস্কার করেন।

 

মেজর (অব.) হাফিজ বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার।

তিনি আরও বলেন, গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, ওই সময় সরকারের টালমাটাল অবস্থা ছিল। বুঝতে হবে কোন সময় সরকার এমন ধরনের অফার করে, এখন তো করছে না।

দলে গণতন্ত্রের চর্চা হচ্ছে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, দলের হাইকমান্ডের সামনে সঠিক কথা বলার কোনো লোক নেই। সবাই ইয়েস স্যার, রাইট স্যার বলে। একমাত্র সাইফুর রহমানকে দেখেছিলাম তিনি ম্যাডামের সামনে সত্যি কথা বলতেন। দলের সংস্কার করার জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তিনি।

 

বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে বিএনপি থেকে নেতারা নির্বাচনে অংশ নেবেন বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। গত সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি সমাবেশে হাছান মাহমুদ বলেন, অনেকেই লাইন ধরে আছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। আর বিএনপির সাবেক মন্ত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে।

তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর মেজর হাফিজকে ঘিরে রাজনীতিতে নতুন করে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ তৃণমূল বিএনপিতে যোগদান করছেন না। তিনি নিজেই একটা কিছু করবেন।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেবো।’

‘আপনি নতুন দল করছেন, নির্বাচনে অংশ নেবেন বলে সরকারের মন্ত্রীরা দাবি করছেন’- এ ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি। এর বেশি কিছু এখন বলবো না।’


আমার বার্তা/এমই