অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সমস্যা দেখা দিয়েছে। ইরান-ইসরাইলের এই যুদ্ধের জন্য তেল এবং গ্যাসের সাপ্লাইয়ের মূল জায়গা যেটা, সেই মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের সাময়িক বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছে। সময় লেগেছিল।’
তিনি বলেন, ‘আমরা পারচেজ করা সত্ত্বেও আনতে পারিনি। হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, এফএসআরইউতে আগুন লাগার কারণে। এখন এসব দুর্যোগ উতরে আমরা জ্বালানি সরবরাহের লাইন ঠিক করে ফেলছি। সঠিক সময়ে জ্বালানি আসছে, আমরা জ্বালানি সরবরাহ করছি।’
সাময়িক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এ ধরনের পরিস্থিতি পৃথিবীর সব জায়গাতেই হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘জনগণ তো আমাদের ওপর আস্থা রেখে ভোট দিয়েছিল। কিন্তু আমরা বাধ্য হয়েছি। যোগান এবং দুর্ঘটনার জন্য দেরি হয়েছে।’
জ্বালানি পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আল্লাহর রহমতে আমরা এগুলো আনতে পেরেছি এবং শিডিউলও ঠিক করা হয়ে গেছে। আশা করি আগামীতে যদি অন্য কোনো দুর্ঘটনা না ঘটে, আগামীতেও এভাবেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানিটাকে সরবরাহ করতে পারব।’
শিল্প কারখানায় জ্বালানি সরবরাহের বিষয়ে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শিল্প কারখানা সব জায়গায় সাপ্লাই করতে পারব।’
সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন ঘটেছে, সেটির জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘এই যে ডিসরাপশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। আমরা জানি যে ইচ্ছা করে করিনি। আমরা চাইবই কেন? জনগণ আমাদের ওপর আস্থা দিয়ে রেখেছে। জনগণকে ভোগান্তি দেওয়া তো আমাদের কাজ না।’
তিনি বলেন, ‘কিন্তু বিশ্বের যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে সমস্যায় সারা পৃথিবী উদ্বিগ্ন, কী হবে এই জ্বালানি ক্ষেত্রে, সেটার মধ্যে আমরাও পড়েছি। তারপরও আমরা বিকল্প উৎস বের করেছি, বেশি দাম দিয়ে গ্যাস নিয়ে এসেছি, জনগণের যাতে কষ্ট না হয়, তা লাঘব করার জন্য।’
সামনের দিনগুলোতে এ সমস্যা আর থাকবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কোনো রকম কিছু না হয়, সামনের দিনগুলো আমি মনে করি যে আমরা ভালোভাবে চালাতে পারব।’
জ্বালানি সংকট মোকাবিলায় তার আগের অভিজ্ঞতা কাজে লাগছে কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘না না, এটার তো সবচেয়ে বড় কথা, এটা সবাই মিলে একটা টিমওয়ার্ক করছি আমরা। এখানে আমি বলে কিছু নাই, আমরা সবাই মিলে টিমওয়ার্ক করছি।’
