জান্নাতের প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি জামায়াত: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ইসলামী জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সরকার উত্তরাঞ্চলসহ সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে।
শনিবার (২৫ জুলাই) বগুড়ায় ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে আওয়ামী লীগ একমাত্র দল। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছে। তার অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ঈর্ষাবশত উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও বড় বৈষম্য তৈরি করেছে।
বিদ্যুৎ খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সোলার প্যানেল সম্প্রসারণের কাজও শুরু হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সেমিনারে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলায় উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি ও কর্মসংস্থানের সংকট রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
আমার বার্তা/এমই
