স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বমানের সাফল্য দেখাতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে কার্যকর নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বেসরকারি খাতের বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।
আমার বার্তা/এমই
