বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ব্রেন আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় বক্তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চীন, ভারত ও রাশিয়ার মতো পরাশক্তির দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের মূল ভিত্তি হবে পারস্পরিক লাভ এবং দেশের মানুষের কল্যাণ। সম্পূর্ণ জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই এই দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারণ করা হবে।

শামা ওবায়েদ বলেন, ‘প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক নির্ধারণ করবে পারস্পরিকভাবে আমরা কী পাচ্ছি, বাংলাদেশের মানুষ কী পাচ্ছে পুরোপুরি ওই সিদ্ধান্তের ভিত্তিতে।’

শনিবার (৪ জুলাই) সকালে গবেষণাপ্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেন) আয়োজিত গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ব্রেন আয়োজিত ‘পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার প্রচার সহযোগী প্রথম আলো। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। অন্ধভাবে কোনো দেশের পক্ষে বা বিপক্ষে না গিয়ে সম্পূর্ণ ‘কৌশলগত ভারসাম্যের’ মাধ্যমে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ ও পারস্পরিক লাভের ওপর ভিত্তি করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা হচ্ছে। দেশের পররাষ্ট্রনীতিতে প্রথমবারের মতো সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীল অর্থনীতি বা ‘সফট পাওয়ার’ ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’, ‘মাইগ্রেশন’ এবং ‘ক্লাইমেট রেজিলিয়েন্স’ নামে তিনটি নতুন অনু বিভাগ চালু করা হয়েছে।


আমার বার্তা/এমই