আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর একটি হোটেলে ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালা।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র বা ‘অ্যাভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত মহাপরিকল্পনা (সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার (২১ জুন) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিমানবন্দরগুলোর অবকাঠামো আধুনিকায়ন, যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘দেশের বিমান চলাচল খাত আগামী ২০ থেকে ৩০ বছরে ঠিক কোথায় পৌঁছাবে, সেই রূপরেখা এই মহাপরিকল্পনায় তুলে ধরা হবে।’

বিমান চলাচল খাতকে জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে পর্যটনমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান খাতকে আরও আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমান খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি পুরোপুরি চালুর লক্ষ্যে কাজ চলছে।

একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচালনার প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে রয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর আধুনিকায়ন, নতুন বিমান রুট সম্প্রসারণ এবং অ্যাভিয়েশন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


আমার বার্তা/এমই