দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তিনি টেকসই উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, রেসকিউ সেন্টার স্থাপন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
একই সঙ্গে তিনি দুর্যোগের নতুন নতুন ধরন এবং সেগুলোর প্রতিকার নিয়ে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আমার বার্তা/এমই
