জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দিনের বিভিন্ন সময়ে ঢাকার আরও কয়েকটি স্থানে আয়োজিত কর্মসূচিতেও তিনি উপস্থিত থাকবেন।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দলটি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিহত হন জিয়াউর রহমান। তার মৃত্যুদিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।


আমার বার্তা/জেএইচ