পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় র্যাব-৩’র বিশেষ টহল জোরদার
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার ফাঁকা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৩। ঈদের ছুটিতে নগরীর অধিকাংশ আবাসিক এলাকা জনশূন্য হয়ে পড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা মোটরসাইকেল টহল, চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। জাতীয় ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানেও নিরাপত্তা নিশ্চিতে র্যাব সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
র্যাব-৩ জানায়, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকায় সংঘবদ্ধ চোর ও ডাকাত চক্র সক্রিয় হওয়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতিতে মোটরসাইকেল টহল (Motorcycle Patrol) গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করছে। কারণ বড় টহল গাড়ি বা পিকআপ ভ্যান ঢাকার সরু গলি কিংবা পকেট রোডে সহজে প্রবেশ করতে না পারলেও মোটরসাইকেল টহল দ্রুত ও সহজে যেকোনো এলাকায় পৌঁছাতে সক্ষম।
বিশেষ করে গভীর রাতেও দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল টহল অব্যাহত রাখা হয়েছে, যাতে কোনো অপরাধী চক্র চুরি বা ডাকাতির ঘটনা ঘটাতে না পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
র্যাব-৩ আরও জানায়, রাজধানীর ফাঁকা এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম চলমান থাকবে।
