গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে নতুন কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো গঠন করা হয়েছিল।
এখন প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় সেই কাঠামোটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের চেষ্টা করছে। সরকার চায় গণমাধ্যম তার আপন শক্তিতে কাজ করুক এবং প্রাতিষ্ঠানিকভাবে এর স্বাধীনতা নিশ্চিত হোক।
জহির উদ্দিন স্বপন জানান, তাঁরা কেবল আইনি প্রক্রিয়ায় নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে চান। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা বিকাশের বিকল্প নেই।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন মন্ত্রী। প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবসের এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। সরকার ও গণমাধ্যম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র্যালিটি অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
