স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথমবারের মত দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে।
লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সিইসি বলেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইড লাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। আর আপনাদের রিপোর্ট এবং প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য তুলে ধরবে এমনটা প্রত্যাশা।
সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন-এ কথা জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে। আর নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।
আমার বার্তা /জেএইচ
