ভোটারদের ভয় দেখালে ব্যবস্থা: ইসি রাশেদা সুলতানা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০০ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের বাধা ও কিংবা ভয় দেখানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রিজাইডিং কর্মকর্তা, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন নির্বাচনী আসনে চলমান সহিংসতা নিয়ে এক প্রশ্নে ইসি রাশেদা সুলতানা বলেন, প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করবে। কারণ ভোটারদের বাধা কিংবা ভয় দেখানো এখন চরম অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই যে কেউ এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি।
সভায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে শতভাগ সচেতন থাকতে পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি প্রার্থীকে ভোটের মাঠে সহনশীল আচরণ দেখানোর অনুরোধ জানানো হয়। পাশাপাশি আচরণবিধি মেনে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতেও আহ্বান জানান নির্বাচন কমিশনার।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
