আপনাকে কেউ ইনস্টাগ্রামে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৩ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ফেসবুকের এই মাধ্যমে একজন ব্যবহারকারী অন্য কাউকে ব্লক করতে পারেন। কিন্তু চটজলদি বোঝার উপায় নেই আপনাকে কেউ ইনস্টাগ্রামে ব্লক করেছে কিনা। এই প্রতিবেদনে জানানো হবে ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করেছে কিনা তা বোঝার উপায়।
১. সার্চ ফিচার ব্যবহার
ইনস্টাগ্রামে অনেক সময় অনেককে খুঁজে পাওয়া যায় না। তার মূল কারণ হয়তো আপনার প্রোফাইলটিকে ব্লক করে রাখা হয়েছে বা সেই ব্যবহারকারী তাঁর ইউজারনেম বদলে ফেলেছেন। পাবলিক প্রোফাইল হলে সার্চ থেকে খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু যদি সাধারণ মানুষের প্রোফাইল হয় বা ইউজারনেম বদলে দেওয়া হয়, তাহলে নিচের অন্যান্য কৌশলগুলো আপনার কাজে আসতে পারে।
২. অন্য অ্যাকাউন্ট থেকে যাচাই
কেউ আপনাকে ইনস্টাগ্রামে ব্লক করেছে কি না, তা নিশ্চিত হতে পারেন নিজের প্রোফাইল বাদ দিয়ে অন্য আর একটি প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্টটিকে খুঁজে দেখলে। আপনার দুইটি প্রোফাইল থাকলে অন্য একটি থেকে এই কাজ করতে পারেন। আর তা যদি না থাকে, তাহলে আপনার বন্ধু বা পরিবারের কাউকে বলে এই কাজটি করতে পারেন। সার্চ করে যদি সেই প্রোফাইল দেখতে পান তাহলে বুঝতে হবে আপনাকে তিনি ইনস্টাগ্রামে ব্লক করে রেখেছেন।
৩. ওয়েব থেকে সেই ইনস্টা অ্যাকাউন্ট খোলা
ইনস্টাগ্রামে প্রত্যেক ব্যবহারকারীর একটা অনন্য প্রোফাইল লিংক থাকে। সেখানে ব্যবহারকারীর ইউজারনেমও থাকে। সেই ব্যক্তির প্রোফাইল পেজটি আপনি দেখতে পারেন
instagram.com/username ইউআরএল থেকে। ওয়েব থেকে এই ভাবে সার্চ করার সময় যদি আপনাকে “Sorry, this page isn’t available” লেখা মেসেজ দেখানো হয়, তাহলে বুঝবেন হয় সেই অ্যাকাউন্টের আর অস্তিত্ব নেই, না হয় আপনাকে ব্লক করা হয়েছে।
৪. অ্যাকাউন্ট ট্যাগ বা মেনশন
আর একটা চমৎকার কৌশলে আপনি বুঝতে পারবেন, কেউ ইনস্টাগ্রামে আপনাকে ব্লক করল কি না। কী করতে হবে? যে প্রোফাইলটি আপনাকে ব্লক করেছে বলে মনে করছেন, তাকে ট্যাগ করে বা মেনশন করে পোস্ট করতে পারেন। অ্যাকাউন্টের অস্তিত্ব থাকলে বা আপনাকরে ব্লক না করা হলে ট্যাগ অথবা মেনশন করতে পারবেন। কিন্তু ট্যাগ যদি করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে। এছাড়াও যদি ওই প্রোফাইল থেকে আপনাকে আগে ট্যাগ বা মেনশন করে কোনও পোস্ট করা হলে সেটাও এখন একবার দেখতে পারেন।
৫. আবার ফলো করা
কারো প্রোফাইলে রিসেন্ট পোস্ট দেখতে পাচ্ছেন না? আপনাকে ব্লক করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে ফলো বাটনে ট্যাব করুন। প্রোফাইল পেজেই এই অপশনটি দেখতে পাবেন। বাটনটি যদি হঠাৎই ‘ফলোয়িং’ থেকে পরিবর্তিত হয়ে ‘ফলো’ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য, তাহলে বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।
৬. ডিরেক্ট মেসেজ চেক করা
কোনো ইউজার আপনাকে ব্লক করেছে কি না, সেটা জানার আর একটা ভাল উপায় হল সোজা ডিরেক্ট মেসেজ অপশনে চলে যাওয়া। সেখানে গিয়ে ওই ব্যবহারকারীর সঙ্গে আপনার চ্যাটের অপশনটি খুলে দেখুন। এবার ইউজারনেমে ক্লিক করুন। যদি দেখতে পান ‘Instagram user’ লেখা আছে এবং প্রোফাইল পিকচার যদি দেখতে না পান, তাহলে ধরতে হবে আপনাকে ব্লক করেছেন সেই ব্যবহারকারী।
আমার বার্তা/জেএইচ
