নওমুসলিমের মুসলিম কোটা বাতিল করলো ভারত

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেই পূর্বের জাতিগত পরিচয়ের ভিত্তিতে অনগ্রসর মুসলিম শ্রেণির সংরক্ষণ সুবিধা দাবি করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকারের করা আপিল খারিজ করে আদালত এ সিদ্ধান্ত বহাল রাখেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রীচন্দ্রশেখরের বেঞ্চ এ রায় দেন। এর মাধ্যমে মাদ্রাজ হাইকোর্টের আগের সিদ্ধান্ত বহাল থাকল।

এর আগে ২০২৬ সালের জুনে মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারের ২০২৪ সালের মার্চে জারি করা একটি আদেশ বাতিল করেন। ওই আদেশে অনগ্রসর শ্রেণি (বিসি), অতিপশ্চাৎপদ শ্রেণি (এমবিসি), তালিকাভুক্ত নয় এমন সম্প্রদায় (ডিএনসি) এবং তফসিলি জাতিভুক্ত (এসসি) ব্যক্তিদের ইসলাম গ্রহণের পর অনগ্রসর মুসলিম শ্রেণির সংরক্ষণ সুবিধার আওতায় আনার অনুমতি দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, ধর্ম পরিবর্তনের ফলে কোনো ব্যক্তির আগের সামাজিক পশ্চাৎপদতার পরিচয় স্বয়ংক্রিয়ভাবে নতুন ধর্মের নির্দিষ্ট কোনো অনগ্রসর সম্প্রদায়ের সদস্যপদের প্রমাণ হয়ে যায় না। সংরক্ষণ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যপদ ও আইনগত শর্ত পূরণ করতে হবে।

মামলাটির সূত্রপাত এক ব্যক্তির আবেদনকে কেন্দ্র করে। তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর মুসলিম লাব্বাই সম্প্রদায়ের সনদ চেয়ে আবেদন করেন। আবেদন প্রত্যাখ্যাত হলে তিনি আদালতের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে বিষয়টি মাদ্রাজ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গড়ায়। সূত্র: ইউএনএ নিউজ