মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি উদ্বেগজনক অবহেলার কারণে অঞ্চলজুড়ে সংঘাতের সংখ্যা, জটিলতা, স্থায়িত্ব ও বিস্তার বাড়ছে এবং দায়মুক্তির সংস্কৃতিও ছড়িয়ে পড়ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি অকল্পনীয় এক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
তিনি হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল পুরোপুরি পুনঃস্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে বলেন, এই সংকটের একমাত্র সমাধান কূটনীতি।
গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাধারণ মানুষ এখনও চরম মূল্য দিচ্ছে। ইসরায়েল গাজার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের ঘটনাও অব্যাহত রয়েছে এবং সেখানকার মানবিক পরিস্থিতি এখনও অসহনীয়।
অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গুতেরেস বলেন, সেখানে ধীরে ধীরে ভূখণ্ড দখল, সহিংসতা এবং ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা বাড়ছে।
তিনি সতর্ক করে বলেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল ক্রমশ আরও বিস্তৃত সংঘাতের দিকে টেনে নেওয়া হচ্ছে।
