গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৪ রুপি, ডিজেলের দাম ২ রুপি কমালো পাকিস্তান
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মাত্র এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে ফের কমেছে পেট্রোল-ডিজেলের দাম। সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম প্রতি লিটারে ২ রুপি হ্রাস করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পেট্রোলিয়াম ডিভিশন পাকিস্তানে।
গত কাল শুক্রবার পেট্রোলিয়াম ডিভিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানা গেছে এ তথ্য।
এতদিন পাকিস্তানে খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৩৭৭ দশমিক ৭৮ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটাএর ছিল ৩৮০ দশমিক ৭৮ রুপি। শুক্রবারের বিবৃতিতে পেট্রোলিয়াম ডিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে খুচরা গ্রাহক পর্যায়ে প্রতি লিটার পেট্রোলের দাম হবে ৩৭৩ দশমিক ৭৮ রুপি এবং প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম হবে ৩৭৮ দশমিক ৭৮ রুপি।
তবে পেট্রোল-ডিজেলের দাম কমালেও গৃহস্থালি কাজে ব্যবহারযোগ্য জ্বালানি কেরোসিনের দাম বাড়িয়েছে পেট্রোলিয়াম ডিভিশন। সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি লিটার কেরোসিনের দাম বেড়েছে ১ দশমিক ৪৯ রুপি। ফলে আগে যেখানে এক লিটার কেরোসিনের দাম ছিল ২৮০ দশমিক ৭০ রুপি, সেখানে বর্তমানে দাম হয়েছে ২৮২ দশমিক ১৯ রুপি।
পরিবর্তিত এই মূল্যতালিকা আজ শনিবার থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে।
মাত্র এক সপ্তাহ আগে পেট্রোলের দাম ৪ রুপি হ্রাস করেছিল পেট্রোলিয়াম ডিভিশন। তবে ডিজেলের দামে সে সময় কোনো পরিবর্তন আনা হয়নি।
পেট্রোলিয়াম ডিভিশনের বিবৃতিতে বরা হয়েছে, আগে আন্তর্জাতিক তেলের বাজার পর্যালোচনার ভিত্তিতে ১৫ দিনের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হতো, তবে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ৭ দিন পরপর আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে দাম নির্ধারণ করা হচ্ছে।
সূত্র : জিও নিউজ
