হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮০: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ শিশু। সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। অর্থাৎ, হাম ও এর উপসর্গে এ সময়ে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৯৬৭ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৮ শিশু এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন।
 
এ ছাড়া মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন, যার মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।


আমার বার্তা/এমই